মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ইরানের মজুতে এখনও হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েল-ইরান যুদ্ধের পর বর্তমানে যুদ্ধবিরতি চললেও, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের ভিত্তিতে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' জানিয়েছে, ইরানের কাছে এখনও হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল মজুত রয়েছে। একইসঙ্গে মাটির নিচের বিভিন্ন স্থাপনায় আটকে পড়া বা ক্ষতিগ্রস্ত লঞ্চারগুলো উদ্ধার করে তারা পুনরায় সেগুলো ব্যবহার করার সক্ষমতা রাখে।

মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইরানের অন্তত অর্ধেক মিসাইল লঞ্চার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর অনেকগুলোই এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে ভূগর্ভস্থ এসব সাইট থেকে লঞ্চারগুলো উদ্ধার করে মেরামত করার মতো পর্যাপ্ত সক্ষমতা তেহরানের রয়েছে।

 

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, যুদ্ধের আগের তুলনায় ইরানের মিসাইলের সংখ্যা বর্তমানে অর্ধেকে নেমে এসেছে। তা সত্ত্বেও, তাদের হাতে এখনও হাজার হাজার মাঝারি ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। গোপন আস্তানা বা মাটির নিচ থেকে যেকোনো সময় এসব অস্ত্র বের করে এনে তারা আবারও হামলা চালাতে পারে।

 

এদিকে, চলমান এই যুদ্ধবিরতি নিয়ে নতুন উদ্বেগের কথা জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। তাদের আশঙ্কা, এই বিরতির সুযোগকে কাজে লাগিয়ে ইরান তাদের ক্ষতিগ্রস্ত মিসাইলের মজুত পুনরায় গড়ে তুলতে পারে, যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন