শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ হামলার জেরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমও নিশ্চিত করেছে।
হামলার সময় তেহরানের পূর্ব ও পশ্চিমাংশে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর তেহরানে হামলার ঘোষণার পরপরই পাল্টা জবাব দিয়েছে ইরান। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরান ইতোমধ্যে ইসরায়েলের তেল আবিবে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তেল আবিবে অবস্থানরত সিএনএন-এর একটি দল একাধিক বিস্ফোরণ প্রত্যক্ষ করার বিষয়টি নিশ্চিত করেছে, যা এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাতের এ উত্তাপ আছড়ে পড়েছে সৌদি আরবেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা অন্তত চারটি ড্রোন মাঝপথেই ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তথ্যসূত্র: সিএনএন
ডিবিসি/এএমটি