মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় এশীয় ফুটবলে বড় ধরনের প্রভাব পড়েছে। নিরাপত্তা শঙ্কায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের পশ্চিম অঞ্চলের সকল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরব ছেড়ে স্পেনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন আল-নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা (ফ্লাইটরাডার-২৪) অনুযায়ী, সোমবার রাত ৯টার দিকে রিয়াদ থেকে রোনালদোর ব্যক্তিগত বিমানটি মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার ভোরে সেটি স্পেনে অবতরণ করে। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার কয়েক ঘণ্টা আগেই তিনি সপরিবারে সৌদি ত্যাগ করেন। বর্তমানে রোনালদো তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানসহ মাদ্রিদে অবস্থান করছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তেহরানের পাল্টা মিসাইল ও ড্রোন হামলার কারণে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর ফলে এএফসি আগামী ২ ও ৩ মার্চের নির্ধারিত চ্যাম্পিয়ন্স লিগ এলিট রাউন্ডের সকল ম্যাচ স্থগিত করেছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে আল-নাসর বনাম আল-ওয়াসলের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও রয়েছে, যা দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পূর্ব অঞ্চলের ম্যাচগুলো সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার ভোরে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় দূতাবাসে সামান্য অগ্নিকাণ্ড ও বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৩৯ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টার চলতি মৌসুমে আল-নাসরের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত ২৬ ম্যাচে তিনি ২২টি গোল করেছেন। ক্লাবের সাথে ২০২৭ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে খেলা কবে নাগাদ মাঠে ফিরবে, তা এখনও নিশ্চিত নয়।
সূত্র: ইউরো নিউজ
ডিবিসি/এসএফএল