ইরানের ইসফাহান প্রদেশের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের মেহর নিউজ এজেন্সি। ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে, কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে এ হামলার ঘটনা ঘটে।
তবে হামলার ঠিক আগেই ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সাধারণ নাগরিকদের ট্রেন ব্যবহার না করার বিষয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে এক ‘জরুরি সতর্কবার্তা’ জারি করে। ওই বিবৃতিতে ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী ১২ ঘণ্টা, অর্থাৎ ইরানের স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে সব ধরনের ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকতে এবং রেললাইন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।
আইডিএফ-এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ট্রেন ও রেললাইনের আশেপাশে সাধারণ মানুষের উপস্থিতি তাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সতর্কবার্তা জারির পরপরই কাশান শহরে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।
এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানকে চুক্তিতে রাজি করাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চরমপত্র বা আলটিমেটাম শেষ হতে চলেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টায় বাংলাদেশ সময় বুধবার (৮ এপ্রিল) সকাল ৬টায় এ সময়সীমার মেয়াদ ফুরাবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব এবং মঙ্গলবার রাতই হতে পারে সেই রাত।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি