ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে রাশিয়া। মার্কিন ও ইসরায়েলি বাহিনী এ ‘হত্যাকাণ্ড’কে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, সার্বভৌম ও স্বাধীন ইরানের পাশাপাশি বিশ্বের যেকোনো দেশের নেতৃত্বের সদস্যদের ক্ষতিসাধন, হত্যা বা নির্মূল করার লক্ষ্যে পরিচালিত সব ধরনের কর্মকাণ্ডের আমরা দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। রাশিয়া এ ধরনের অপতৎপরতাকে সমর্থন করে না।
দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে রাশিয়া ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনার কাজ করে আসছে। লারিজানি হত্যার পর এ অংশীদারিত্বের জায়গা থেকে দেশটি মার্কিন-ইসরায়েলি সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করেছে এবং মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতিসহ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
তবে রাশিয়ার এ নিন্দার বিষয়টি আন্তর্জাতিক মহলে ভিন্ন মাত্রাও যোগ করেছে। একদিকে মস্কো যখন ইরানের নেতাদের লক্ষ্য করে চালানো হামলার প্রতিবাদ জানাচ্ছে, অন্যদিকে ইউক্রেন যুদ্ধ চলাকালীন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একাধিকবার হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে খোদ ক্রেমলিনের বিরুদ্ধে।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এএমটি