যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে কোনো পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। গত রবিবার (০৬ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, কূটনৈতিক চুক্তির পথে না হেঁটে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের পারমাণবিক অবকাঠামো ও সক্ষমতা ধ্বংসের দিকেই বেশি মনোযোগ দেবে।
রাইট জানান, তারা ইতিমধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন এবং ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা দুর্বল করার কাজ করছেন। তবে ইরান সবসময়ই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে তাদের কর্মসূচিকে কেবল শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যম হিসেবে দাবি করে আসছে। ক্রিস রাইট আরও উল্লেখ করেন, ইরানে নতুন কোনো প্রশাসন ক্ষমতায় না আসা পর্যন্ত হয়তো এই চুক্তির মুখ দেখা যাবে না।
সম্প্রতি হরমুজ প্রণালী বন্ধ ও পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লেও, হোয়াইট হাউস প্রকাশ্যে এই সংঘাতকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উভয়েই চলমান এই উত্তেজনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তবে মার্কিন জ্বালানিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, মিত্র দেশগুলোকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের লক্ষ্য অর্জনে কাজ চালিয়ে যাবে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসভিএন