আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা নেই ইসরায়েলের: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধ করার মতো কোনো সক্ষমতা ইসরায়েলের নেই। তারা কেবল যুক্তরাষ্ট্রের সহায়তায় এই সংঘাতে জড়াতে পেরেছে এবং কার্যত তেলআবিব ওয়াশিংটন ও পশ্চিমা বিশ্বের ‘প্রক্সি’ হিসেবে কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, শীর্ষ কমান্ডারদের সাম্প্রতিক নিয়োগ ইরানের প্রতিরক্ষা নীতিতে এক ‘আমূল রূপান্তর’-এর ইঙ্গিত দেয়। নতুন নিয়োগপ্রাপ্ত কমান্ডাররা ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত।

 

তিনি জানান, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির দেওয়া নিয়োগ সংক্রান্ত নির্দেশনায় বর্তমান পরিস্থিতির আলোকে বার্তা দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বাসিজের প্রধান পদে হোজ্জাতুল ইসলাম হোসেইন তায়েবের নিয়োগে ‘গোয়েন্দা নেটওয়ার্ক’ ও ‘প্রতিটি ইরানি নাগরিকই একজন বাসিজ’ সংক্রান্ত নির্দেশনার কথা উল্লেখ করেন।

 

জাভানি আরও উল্লেখ করেন, মেজর জেনারেল আহমাদ ওয়াহিদির নেতৃত্বে আইআরজিসিকে ‘সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা’ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে প্রতিরক্ষামূলক পদক্ষেপ যেকোনো সময় আক্রমণাত্মক রূপ নিতে পারে।

 

তিনি শত্রুপক্ষকে সতর্ক করে বলেন, ‘আমরা কখনোই যুদ্ধ শুরু করি না। তবে শত্রুর জানা উচিত, তারা আমাদের অপ্রস্তুত অবস্থায় ফেলে কোনো চমক সৃষ্টি করতে পারবে না; বরং শত্রুপক্ষের নিজেদেরই বড় কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকা উচিত।’ শত্রুদের পূর্ববর্তী ভুল হিসাব-নিকাশ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি পুনর্ব্যক্ত করেন যে, একক শক্তিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা যায়নবাদী ইসরায়েলের নেই।

 

সূত্র: মেহর নিউজ এজেন্সী

আরও পড়ুন