আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৯ মে) মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এর আগে ২০১৫ সালেও রাশিয়া ইরানের ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে এসেছিল এবং প্রয়োজন হলে আবারও তারা এই উদ্যোগ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করার পাশাপাশি জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থাকে নজরদারির সুযোগ দেয়। বিনিময়ে ইরানের ওপর থেকে পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে তা পুরোপুরি ভেস্তে যায়।

 

সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট আরও জানান, বর্তমান যুদ্ধ পরিস্থিতির সব পক্ষই ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র শর্ত জুড়ে দেয় যে, সরানো ইউরেনিয়াম শুধুমাত্র তাদের দেশেই নিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থানের কারণে ইরানও তাদের সিদ্ধান্তে অনড় অবস্থান গ্রহণ করে।

 

যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে রাশিয়া সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবে উল্লেখ করে পুতিন আশা প্রকাশ করেন যে, চলমান এই যুদ্ধ খুব শিগগিরই সমাপ্ত হবে। অন্যদিকে, পুতিনের এমন প্রস্তাব ও মন্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন