আন্তর্জাতিক

ইরানের সরকার পতনে ব্যর্থ হওয়ায় পদ হারালেন মোসাদের শীর্ষ ২ গোয়েন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ দুই কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইরানের সরকার পতনের একটি গোপন ও ব্যর্থ পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকায় মোসাদের পরিচালক রোমান গোফম্যান তাদের অপসারণ করেন।

বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই খবর জানিয়েছে। পদ হারানো এই দুজনের একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান এবং অন্যজন ইরান বিভাগের প্রধান ছিলেন।

 

সংবাদমাধ্যমটি জানায়, ওই দুই কর্মকর্তা ইরানে সরকার বদলের একটি বড় ছক তৈরি করেছিলেন। তাদের পরিকল্পনা ছিল ইরাক সীমান্তে থাকা ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) ঘাঁটিগুলোতে ইসরায়েল বিমান হামলা চালাবে। এই সুযোগ কাজে লাগিয়ে কুর্দি বিদ্রোহীরা ইরানে ঢুকে পড়বে।

 

এরপর হাজার হাজার তরুণ তাদের সঙ্গে যোগ দিয়ে বিশাল গণ-আন্দোলন গড়ে তুলবে, যা একেবারে রাজধানী তেহরান পর্যন্ত পৌঁছে যাবে। চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নতুন নেতা হিসেবে বসানোর কথা ভাবা হয়েছিল।

 

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে রাজি করাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সে অনুযায়ী শুরুতে কিছু হামলাও চালানো হয়েছিল। কিন্তু পরে গণমাধ্যমে খবর ফাঁস হয়ে যাওয়া, তুরস্কের আপত্তি এবং খোদ কুর্দিদের সতর্ক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই পরিকল্পনা থেকে পিছিয়ে আসে।

 

জানা গেছে, ওই দুই কর্মকর্তার সঙ্গে মোসাদ পরিচালকের আগে থেকেই মতবিরোধ ছিল। তবে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই পদ ছেড়েছেন এবং মোসাদের অন্য কোনো সাধারণ দায়িত্বে থাকবেন বলে দাবি করা হয়েছে।

 

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন