আজ বুধবার (১৮ মার্চ) ভোরে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’ এর একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মূলত ইসরায়েলি যুদ্ধবিমান থেকেই ইরানের এ গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামোতে হামলা চালানো হয়।
হামলার পরপরই স্থাপনাটিতে ভয়াবহ আগুন ধরে যায়। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ তাদের এক টেলিগ্রাম বার্তায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে তারা সেখানে উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিমও ভোরে এ বিমান হামলার খবর নিশ্চিত করেছিল।
উল্লেখ্য, সাউথ পার্স বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, যেখানে ইরান এবং কাতার উভয় দেশেরই গ্যাস উত্তোলনের স্থাপনা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ এ স্থাপনায় হামলার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়ও সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ওই হামলার জেরে সেসময় বাধ্য হয়ে গ্যাসক্ষেত্রটির উৎপাদন আংশিকভাবে স্থগিত করেছিল ইরান প্রশাসন।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি