ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক উত্তেজনার পারদ যখন ঊর্ধ্বমুখী, ঠিক সেই মুহূর্তে জ্বালানি অবকাঠামোতে এমন হামলাকে অত্যন্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে দোহা।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড কেবল আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই নয়, বরং বিশ্ব জ্বালানি নিরাপত্তা, সাধারণ মানুষ এবং পরিবেশের জন্যও চরম হুমকিস্বরূপ।
তিনি উল্লেখ করেন, হামলার শিকার সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি মূলত কাতারের নিজস্ব ‘নর্থ ফিল্ড’ গ্যাসক্ষেত্রেরই একটি সম্প্রসারিত অংশ। তাই জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করা থেকে সব পক্ষকে বিরত থাকার জন্য কাতার যে আহ্বান জানিয়ে আসছিল, তিনি তা পুনরায় ব্যক্ত করেন।
পাশাপাশি, আন্তর্জাতিক আইন মেনে চলা, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অবিলম্বে উত্তেজনা হ্রাসের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, হামলার পরপরই সেখানে সৃষ্ট আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি