ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত ও সামরিক তৎপরতা এখন শেষের পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মাইক জনসন। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার মাইক জনসন জানান, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এখন গুটিয়ে আনার পর্যায়ে রয়েছে। তিনি বলেন, "আমি মনে করি, আমরা অপারেশন এপিক ফিউরি গুটিয়ে আনছি। আমার ধারণা, এটি দ্রুতই শেষ হবে এবং সবকিছু পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই এগোচ্ছে।"
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, তার প্রশাসন ইরানের সঠিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। প্রেসিডেন্টের সেই বক্তব্যের রেশ ধরেই হাউস স্পিকার এই ইতিবাচক মন্তব্য করলেন। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন সামরিক শক্তি প্রয়োগের চেয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজছে।
ওয়াশিংটন যুদ্ধের দামামা থামানোর ইঙ্গিত দিলেও তেহরানের সুর এখনো নরম হয়নি। জানা গেছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটি শান্তি পরিকল্পনা বা চুক্তির প্রস্তাব পাঠালেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান এই পরিকল্পনাকে অতিরিক্ত বা বাড়াবাড়ি হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছে, মার্কিন প্রস্তাবগুলো তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল।
সংকট উত্তরণের চ্যালেঞ্জ একদিকে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ শেষের ঘোষণা, অন্যদিকে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান-সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী উত্তেজনা আসলে কতটা প্রশমিত হবে, তা নিয়ে সংশয় কাটছে না আন্তর্জাতিক মহলে। তবে স্পিকার জনসনের বক্তব্যে এটি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র এখন বড় ধরনের সামরিক সংঘাত থেকে নিজেদের সরিয়ে নিতে চাইছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/ এসএফএল