ইরানের সঙ্গে ‘সন্ত্রাসী ও বৈরী কার্যকলাপের’ ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন বাহরাইনের এবং দুইজন আফগানিস্তানের নাগরিক।
গত মঙ্গলবার বাহরাইনের সরকারি কৌঁসুলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই রায় নিশ্চিত করেন। আদালতের রায়ে আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বাহরাইন রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পরিচালিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি সমর্থন ও সহযোগিতা প্রদান করেছেন। সরকারি কৌঁসুলি এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে কোনো বিদেশি শক্তির সঙ্গে গোপন আঁতাত বা যোগাযোগ স্থাপন করা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি চরম ও গুরুতর অপরাধ।
এদিকে বিষয়টিকে নজিরবিহীন উল্লেখ করে বাহরাইনের মানবাধিকার কর্মী মরিয়ম আলখাওয়াজা জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধ বা বৈরী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে বাহরাইনি নাগরিকদের এমন কঠোর সাজা দেওয়ার ঘটনা এটিই প্রথম।
বাহরাইন সরকার দীর্ঘদিন ধরেই তাদের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের অভিযোগ করে আসলেও, এই রায়ের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বড় ধরনের পদক্ষেপের প্রতিফলন দেখা গেল।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/টিবিএ