মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৫০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত সালেখ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।
রবিবার (১ মার্চ) রাতে দেশে থাকা নিহতের স্বজনরা এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সালেখ উদ্দিন দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। সেখানে তিনি পানির গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় নিয়মিত কাজ করার সময় আজমান শহরে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে সালেখসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালেখ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
সালেখের এই আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার এবং নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশে থাকা সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম জানান, শনিবার থেকেই তারা মৃত্যুর খবরটি শুনছিলেন, তবে পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না। পরে রবিবার দুপুরে আমিরাতে অবস্থানরত স্বজনদের মাধ্যমে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। বর্তমানে প্রবাসে থাকা স্বজনরা হাসপাতালে তার মরদেহ দেখার জন্য যাচ্ছেন।
ডিবিসি/আরএসএল