আন্তর্জাতিক

ইরানের হামলায় কাতারের এলএনজি উৎপাদন ক্ষমতার ১৭ শতাংশ ৫ বছরের জন্য বন্ধ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাম্প্রতিক হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সক্ষমতার ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগামী পাঁচ বছর পর্যন্ত বন্ধ থাকতে পারে। রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ আল-কাআবি এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাদ আল-কাআবি রয়টার্সকে জানান, ইরানের হামলায় কোম্পানির এলএনজি রপ্তানি ও উৎপাদনকারী স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিশাল অবকাঠামোটি নির্মাণ করতে প্রায় ২৬ বিলিয়ন ডলার খরচ হয়েছিল। বর্তমান ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে কমপক্ষে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।


হামলার বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “আমি স্বপ্নেও ভাবিনি যে কাতার এবং এই অঞ্চল এমন একটি আক্রমণের শিকার হবে। বিশেষ করে পবিত্র রমজান মাসে একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের কাছ থেকে আমাদের ওপর এমন হামলা হবে, তা ছিল কল্পনাতীত।”

 

উৎপাদন ব্যাহত হওয়ায় কাতারএনার্জি এখন ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো দেশগুলোর সঙ্গে থাকা দীর্ঘমেয়াদী চুক্তির ক্ষেত্রে ‘ফোর্স মেজার’ (অনিবার্য পরিস্থিতিজনিত দায়মুক্তি) ঘোষণা করতে বাধ্য হতে পারে। আল-কাআবি স্পষ্ট করেন যে, এর আগে তারা স্বল্পমেয়াদী চুক্তিতে এমন ঘোষণা দিলেও বর্তমান পরিস্থিতির ভয়াবহতায় দীর্ঘমেয়াদী চুক্তির মেয়াদ যা-ই হোক না কেন, একই পথ অনুসরণ করতে হবে।

 

এই পরিস্থিতির ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকটের পাশাপাশি এলএনজির দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন