যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনী দাবি করেছে, আজ বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে তারা এই হামলার তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, তেহরানের পশ্চিমে কারাজ ও নাজারাবাদের কাছাকাছি একটি বিনোদন কেন্দ্র, একটি শিল্প কমপ্লেক্স এবং পিশভা কাউন্টিতে অবস্থিত স্থানীয় বিপ্লবী গার্ডের একটি ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই পাল্টা এই আক্রমণ চালানো হয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি এবং একটি নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে আইআরজিসি। তাদের দাবি, ওই হামলায় ঘাঁটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সেখানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আইআরজিসি আরও স্পষ্ট করে জানিয়েছে যে, শত্রুপক্ষের পক্ষ থেকে ‘আগ্রাসন’ অব্যাহত থাকলে তাদের এমন সামরিক অভিযানও সামনে চলতে থাকবে।
এর আগে গত ১০ জুন যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইরান। এছাড়া আইআরজিসি পূর্ববর্তী এক অভিযানে কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের ১৮টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল। একই সাথে ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কথাও উল্লেখ করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর