আন্তর্জাতিক

ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশ হামলার শিকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলায় দেশটির ৩২টি প্রদেশের মধ্যে ২০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মোজতবা খালেদি এই তথ্য নিশ্চিত করে জানান, হামলার পরিধি অত্যন্ত ব্যাপক এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার তৎপরতা চলছে।

সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইরানের মিনাব কাউন্টিতে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৫৭ জন শিক্ষার্থী নিহত এবং অন্তত ৬০ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক টেলিভিশন ভাষণে অত্যন্ত কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত সব স্থাপনা এখন ইরানের সশস্ত্র বাহিনীর ‘বৈধ লক্ষ্যবস্তু’। যেসব স্থান থেকে মার্কিন ও ইসরায়েলি অভিযান পরিচালিত হয়েছে, তার প্রতিটি পয়েন্টে পাল্টা আঘাত করা হবে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহৃত সকল অবকাঠামোকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে।


আরাঘচি আরও স্পষ্ট করেন যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। ইরান কেবল ইসরায়েল নয়, বরং এই হামলায় সহায়তাকারী সকল মার্কিন ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন