রাজধানী তেহরানে এক হাজার দম্পতির জন্য গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
আঞ্চলিক উত্তেজনার মধ্যেই রাজধানী তেহরানে 'ইরানের জন্য আত্মত্যাগ' বা 'জানফাদা' কর্মসূচির অংশ হিসেবে একটি গণবিয়ের আয়োজন করেছে ইরান সরকার। সরকার সমর্থিত এই আয়োজনে ঐতিহ্যবাহী বিয়ের রীতির পাশাপাশি পতাকা, নেতাদের প্রতিকৃতি এবং হালকা বেগুনি রঙের একটি ক্ষেপণাস্ত্রের মতো দেশপ্রেম ও সামরিক প্রতীকের অভিনব সমন্বয় ঘটানো হয়।
গণবিয়ের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী দম্পতি ও উপস্থিত জনতা ইরানের পতাকা নাড়িয়ে উল্লাস প্রকাশ করেন। আয়োজনে ঐতিহ্যবাহী পোশাকে বর-কনেদের অতিথিদের মাঝ দিয়ে হেঁটে যেতে এবং পাশাপাশি বসে থাকতে দেখা যায়। অনেক বরকে এ সময় সেলফি তুলতেও দেখা গেছে। আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিরা পিকআপ ট্রাকে চড়ে ঘুরে বেড়ান। নারীসহ বিপুল সংখ্যক মানুষ এই গণবিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
এই আয়োজনের অন্যতম ব্যতিক্রমী দৃশ্য ছিল সামরিক অস্ত্রের উপস্থিতি। গণবিয়ে অনুষ্ঠানে একদল মেয়েকে একটি 'খায়বার-বাস্টার' ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এছাড়া, অনুষ্ঠান উপভোগ করার সময় মেয়েদের হাতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তাঁর প্রয়াত পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি দেখা যায়।
সূত্র: এপি নিউজ
ডিবিসি/কেএলডি