ইরানের দুই প্রদেশে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে এই অভিযানগুলো চালানো হয় বলে শনিবার (২৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে।
আইআরজিসি-র তথ্যমতে, কুর্দিস্তান প্রদেশে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সশস্ত্র কুর্দি গোষ্ঠীর এক সদস্য নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আইআরজিসি। এছাড়া মেহর নিউজ আরও জানিয়েছে, পৃথক অভিযানে এই প্রদেশ থেকে আরও প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেরমানশাহ প্রদেশে সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয়। সেখান থেকে মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে আইআরজিসি। কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই বিপ্লব-বিরোধী বিভিন্ন গোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে চারজনকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা গুপ্তচর হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে রাজধানী তেহরানেও একজনের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে শত্রু নেটওয়ার্কে পাচার করছিলেন।
আইআরজিসি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল