আন্তর্জাতিক, এশিয়া

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৩ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে পশ্চিমাঞ্চলীয় তেহরান ও খুজেস্তান প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে ৩ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (৬ এপ্রিল) তেহরান পুলিশ দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে ধরপাকড়ের বিষয়টি নিশ্চিত করেছে।

তেহরান পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, দেশে দাঙ্গা পরিস্থিতি তৈরি এবং বিদেশি প্রোপাগান্ডা ছড়ানোর সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করা ২৩৫ জন উগ্রবাদীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯৩ জনকে ইতোমধ্যে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো, তারা কাতার ও পশ্চিমা দেশগুলো থেকে পরিচালিত ‘ইরান ইন্টারন্যাশনাল’ টেলিভিশন চ্যানেলে নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠাতে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল।

 

একই সময়ে খুজেস্তান প্রদেশেও ব্যাপক অভিযান চালানো হয়েছে। প্রদেশটির গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে গত ৭২ ঘণ্টায় আরও ১৩৮ জনকে গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিরা মূলত মার্কিন-ইসরায়েলি নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে ‘ইরান ইন্টারন্যাশনাল’ ও ‘মানোতো’র মতো সংবাদমাধ্যমের হয়ে কাজ করছিল।

 

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ইরানের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সীমান্তে সশস্ত্র বাহিনীর চলমান প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যেকোনো সন্দেহভাজন কার্যকলাপ নজরে এলে নাগরিকদের অবিলম্বে পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

 

তথ্যসূত্র: প্রেস টিভি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন