রাশিয়া থেকে ইরানে ড্রোনের একটি চালান পাঠানো হচ্ছে যা দ্রুতই দেশটিতে পৌঁছাতে পারে বলে ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরপরই তেহরান ও ক্রেমলিনের মধ্যে গোপন আলোচনা সম্পন্ন হয় এবং মার্চের শুরুতেই এই সহায়তা পাঠানো হয়েছে। মস্কোর পাঠানো জাহাজে ড্রোন ছাড়াও ওষুধ ও খাদ্যসামগ্রী রয়েছে, যা চলতি মাসের শেষ নাগাদ ইরানের বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে রাশিয়া তাদের মিত্র ইরানকে স্যাটেলাইট ছবি ও বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়েও সহায়তা করেছে।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সরাসরি কোনো স্বীকারোক্তি না দিয়ে বিষয়টিকে ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি এটি স্বীকার করেছেন, ইরানের নেতৃত্বের সাথে বর্তমানে মস্কোর আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইরানে ওষুধসহ বিভিন্ন মানবিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস
ডিবিসি/এফএইচআর