ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক কড়া হুঁশিয়ারিতে জানিয়েছেন, মার্কিন সেনারা যদি ইরানি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের 'উপসাগরের হাঙরের খাবারে' পরিণত হতে হবে। রবিবার (২৯ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেনেশুনেই মার্কিন সৈন্যদের চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
জোলফাগারি ট্রাম্পকে একজন 'অস্থির ও মিথ্যাবাদী' নেতা হিসেবে আখ্যায়িত করে দাবি করেন যে, তিনি বিশ্বজুড়ে কেবল ক্ষতিই বয়ে এনেছেন এবং বর্তমানে তিনি নেতানিয়াহুর হাতের 'পুতুলে' পরিণত হয়েছেন। মার্কিন সামরিক কমান্ডের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে গিয়ে যেন সাধারণ সৈনিকদের মৃত্যু বা বন্দিত্বের মুখে ঠেলে দেওয়া না হয়।
একই সময়ে ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি সতর্ক করে দিয়েছেন যে, মার্কিন রণতরী 'আব্রাহাম লিংকন' যদি তাদের ক্ষেপণাস্ত্রের নাগালে আসে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে, তখন যুক্তরাষ্ট্রের সীমিত স্থল অভিযানের পরিকল্পনার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও ওয়াশিংটন এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে তেহরানের শীর্ষ কর্মকর্তাদের দাবি যুক্তরাষ্ট্র মুখে আলোচনার কথা বললেও তলে তলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই দ্বিমুখী অবস্থানের কারণে পুরো অঞ্চলে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমশ প্রবল হয়ে উঠছে।
ডিবিসি/এফএইচআর