ইরানের ভঙ্গুর অর্থনীতি ও মুদ্রার রেকর্ড দরপতনকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে। অ্যাক্টিভিস্টদের তথ্যমতে, দেশজুড়ে চলা এই অস্থিরতায় এখন পর্যন্ত ১,২০০ জনেরও বেশি মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার (৬ই জানুয়ারি) তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের ভেতরে বিক্ষোভকারীরা অবস্থান ধর্মঘট শুরু করলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই বাজারে বিক্ষোভ চলমান অস্থিরতার গভীরতা নির্দেশ করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ জানিয়েছে, নিহত ৩৫ জনের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪টি শিশু এবং ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। দেশটির ৩১টি প্রদেশের ২৭টিতেই ২৫০টিরও বেশি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ফারস নিউজ এজেন্সির দাবি, বিক্ষোভে প্রায় ২৫০ পুলিশ ও বাসিজ বাহিনীর ৪৫ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ১৪ লাখ ৬০ হাজারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রীয় ব্যাংক আমদানিকারকদের জন্য ডলারের ভর্তুকি হার কমানোর ফলে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যেই রান্নার তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং পনির ও মুরগির দামও বেড়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে স্বীকার করেছেন যে, এই সংকট সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘সরকার একা এই পরিস্থিতি সামাল দেবে এমনটা আশা করা উচিত নয়। সরকারের সেই সক্ষমতা নেই।’ তিনি সতর্ক করেন যে, সামনে আরও কঠিন সময় আসতে পারে।
ইলাম প্রদেশে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের অভিযোগ পাওয়া গেছে। সেখানকার একটি হাসপাতালে নিরাপত্তা বাহিনীর অভিযানের ভিডিও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তবে যুক্তরাষ্ট্র তাদের “উদ্ধারে আসবে”। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দেওয়া হবে।
সূত্র: এবিসি নিউজ
ডিবিসি/এনএসএফ