দক্ষিণ ইরানের মিনাব শহরে বালিকাদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫১ জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
শহরটির একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি জানিয়েছে, আজ সকালে ইসরায়েল সরাসরি ওই স্কুলটিতে এই হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, হামলার সময় ওই স্কুল ভবনে ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। বর্তমানে সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে, তাই নিহতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে ফারস নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।
আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।
ডিবিসি/আরএসএল