আফগানিস্তান থেকে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করতে গিয়ে তৃষ্ণা ও তীব্র দাবদাহে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।
রবিবার (১৯ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে নিমরোজ প্রদেশের পুলিশ মুখপাত্র গুল মোহাম্মদ কুদরাতের বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নিহতরা ১৯ সদস্যের একটি দলের অংশ ছিলেন। তারা হেলমান্দ ও নিমরোজ প্রদেশের দুর্গম মরুভূমি এলাকা দিয়ে অবৈধভাবে প্রতিবেশী ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। নিখোঁজ ১৪ জনের সন্ধানে অভিযান চলছে।
কর্মসংস্থানের আশায় অনেক আফগান, বিশেষ করে তরুণরা, অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল