যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে কথা বলতে শুক্রবার (২২ মে) তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।
এই সফরকালে তিনি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন 'গুরুত্বপূর্ণ বিষয়' নিয়ে আলোচনা করবেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানে সামরিক হামলা চালানোর পর শুরু হওয়া যুদ্ধের অবসানে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এটি মুনিরের দ্বিতীয় তেহরান সফর। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-ও পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই সফরের মেয়াদ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও গত দুই দিন ধরে তেহরানে অবস্থান করছেন। এর আগে, গত মাসে তিন দিনের সফরে ইরানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। সে সময় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহির সঙ্গে বৈঠক করেন।
যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতায় সরাসরি যুক্ত রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। গত ৮ এপ্রিল পাকিস্তানের প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হলে এই মধ্যস্থতা শুরু হয়। পরবর্তীতে ১১-১২ এপ্রিল পাকিস্তান ১৯৭৯ সালের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনার আয়োজন করে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা নিশ্চিত করতে নিজেদের মধ্যস্থতা প্রক্রিয়া আরও জোরদার করেছে ইসলামাবাদ।
ডিবিসি/আরএসএল