জেলার সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ নগরীর জিরো পয়েন্ট এলাকায় ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্বর হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। পবিত্র রমজান মাসে চালানো এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে তারা মন্তব্য করেন। 

 

বক্তারা আরও বলেন, ইরানের সার্বভৌমত্ব ও জনগণের কর্তৃত্ব লঙ্ঘন করে চালানো এই হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর চরম আঘাত। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

 

এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামগুলোকে সক্রিয় ভূমিকা পালনের জোর দাবি জানান।

 

সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা নাদিম রেযা, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মাজিদুল ইসলাম, সৈয়দা রেবেকা আলি আবেদীন, সৈয়দা রুবিনা ইয়াসমিন এবং রাজশাহীর মুহাম্মাদ আমিন ফার্সি শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ আলি আকবর। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন