বাংলাদেশ, রাজধানী

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা ইরানের সার্বভৌমত্বের ওপর এই নগ্ন হামলার কঠোর সমালোচনা করেন এবং একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন।

 

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে চালানো এই বর্বর হামলা এবং দেশটির জনগণের কর্তৃত্বকে খর্ব করার প্রচেষ্টা বিশ্বশান্তি ও স্থিতিশীলতার ওপর এক ভয়াবহ আঘাত। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের তথাকথিত 'সন্ত্রাসী' রূপ আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে বলে তারা মন্তব্য করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যজুড়ে যেভাবে যুদ্ধের দাবানল ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার পরিণতি পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর হতে পারে।

 

বিক্ষোভ সমাবেশে এই হামলাকে জাতিসংঘ সনদ এবং একটি স্বাধীন রাষ্ট্রের মৌলিক নীতিমালার সরাসরি পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়। আয়োজকরা জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসার এবং অবিলম্বে এই যুদ্ধংদেহী মনোভাব বন্ধে কার্যকর ভূমিকা রাখার জোর আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়; যা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন