যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের পর দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে পুনরায় ট্রেন চলাচল শুরু করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০ দিনের লড়াইয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সেতু, রেলপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের রেলওয়ের মহাপরিচালক জানিয়েছেন, তাবরিজ শহর থেকে রাজধানী তেহরান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদগামী ট্রেনের চলাচল ইতোমধ্যেই শুরু হয়েছে। এছাড়া রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরের কাছের একটি রেল সেতু মাত্র ৪০ ঘণ্টারও কম সময়ের মধ্যে মেরামত করে শনিবার (১১ এপ্রিল) খুলে দেওয়া হয়েছে। কোম প্রদেশের ডেপুটি গভর্নর খসরো সামারি এ তথ্য নিশ্চিত করেছেন ।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের কাশান শহরের ইয়াহয়া আবাদ সেতু দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন পার হওয়ার ভিডিও প্রকাশ করে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি, যা সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার স্পষ্ট ইঙ্গিত দেয়।
যোগাযোগ ব্যবস্থার মেরামতে দ্রুত অগ্রগতির পাশাপাশি অন্যান্য যুদ্ধবিধ্বস্ত স্থাপনার ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়েও কথা বলেছে সরকার। সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি রবিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত অন্যান্য ভবন ও স্থাপনাগুলো পুরোপুরি পুনর্নির্মাণ করে ব্যবহারোপযোগী করতে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি