মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে প্রথমবারের মতো সরাসরি পাল্টা হামলা চালিয়েছে উপসাগরীয় দুই দেশ বাহরাইন ও কুয়েত। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সূত্রে জানা গেছে, দেশ দুটি গোপনে তাদের যুদ্ধবিমান পাঠিয়ে ইরানে হামলা চালিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, চলতি মাসের শুরুর দিকেই ইরানে গোপন এই অভিযান চালানো হয়। বিমান হামলাটিতে মূলত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুতাগারসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে নিখুঁত নিশানা বানিয়ে আক্রমণ করা হয়েছে।
ইরানের সামরিক প্রভাব ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় এ অভিযানে বড় ভূমিকা রেখেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। যুদ্ধের শুরুতেই একাধিকবার ইরানে হামলা চালানো আমিরাত এবার বাহরাইন ও কুয়েতকে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য প্রদান করার পাশাপাশি বিমানগুলোকে আকাশপথে প্রতিরক্ষামূলক নিরাপত্তা দিয়েছে।
দীর্ঘদিন ধরে উপসাগরীয় আরব দেশগুলো সরাসরি সংঘাত এড়িয়ে চলার নীতি অবলম্বন করে আসছিল। তবে যুদ্ধের গতিপথ এবং একের পর এক উত্তেজনার মুখে নিজেদের সুরক্ষিত রাখতে তারা অবস্থান বদলাতে বাধ্য হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বাহরাইন ও কুয়েতের এই নজিরবিহীন সরাসরি হামলা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন সংঘাতের বেশ গভীরে জড়িয়ে পড়ছে। এর ফলে পুরো অঞ্চলটিতে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ ও জটিল আকার ধারণ করতে পারে।