ইরানে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। সোমবার (২ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ‘নাইন নিউজ’-কে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা ক্যানবেরার নেই।
খবর আল জাজিরা। পেনি ওং বলেন, "আমরা এসব হামলায় অংশ নিইনি এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।"
ইরানের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক বেশ টানাপোড়েনের। সিডনি ও মেলবোর্নে ইহুদি-বিরোধী অগ্নিসংযোগের মূলহোতা হিসেবে ইরানের রেভল্যুশনারি গার্ডকে অভিযুক্ত করে ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল অস্ট্রেলিয়া। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছিল।
উল্লেখ্য, অতীতে ২০০৩ সালের ইরাক যুদ্ধসহ মার্কিন নেতৃত্বাধীন বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া।
ডিবিসি/কেএলডি