আন্তর্জাতিক, আমেরিকা

ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তেহরানের সাথে একটি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে ইতিমধ্যে সম্মতি জানিয়েছে। দি নিউইয়র্ক পোস্ট-এর পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমরা কোনোভাবেই তাদের পরমাণু অস্ত্র তৈরি করতে দিতে পারি না। আর তারা ইতিমধ্যে সম্মত হয়েছে যে, তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না। তিনি আরও যোগ করেন, তারা এতে রাজি হয়েছে। অবশ্য তারা চাইলে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, তবে আমাদের আলোচনার অন্যতম শর্তই ছিল এটি এবং তারা এতে সম্মত হয়েছে-এটাই ছিল সবচেয়ে বড় বিষয়।


ইরান ঠিক কোন প্রক্রিয়ায় বা কীসের ভিত্তিতে পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সমঝোতা স্মারকের আওতায় ইরান আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে।


সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের যুদ্ধ অবসানের আলোচনায় দেশটির নবনির্বাচিত সুপ্রিম লিডার মোজতবা খামেনি পুরোপুরি জড়িত বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, ইরানিদের মনে তার (মোজতবা) প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে।


তবে ইসরায়েলের প্রাথমিক বিমান হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন কিনা-এমন গুঞ্জনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। উল্লেখ্য, ওই হামলায় মোজতবার পিতা ও সাবেক সুপ্রিম লিডার আলী খামেনিসহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন।


ইরানের বর্তমান সুপ্রিম লিডারের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি তার সাথে দেখা করতে চাই। আমি আসলে সবার সাথেই দেখা করতে পছন্দ করি। আমি তার সাথে দেখা করতে আগ্রহী এবং পরিস্থিতি ঠিকঠাক থাকলে সম্ভবত কোনো এক সময়ে আমাদের সাক্ষাৎ হবে।


সূত্র: টাইমস অব ইসরায়েল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন