আন্তর্জাতিক

ইরান যাওয়ার পথে মরুভূমিতে তৃষ্ণায় ১৯ আফগানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ইরানে যাওয়ার পথে তীব্র গরম ও তৃষ্ণায় ১৯ জন আফগান নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের অন্যতম রুক্ষ ও দুর্গম মরুভূমি পার হওয়ার সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিমরোজ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এর কয়েকদিন আগেই পার্শ্ববর্তী দাস্ত-ই মার্গো বা 'মৃত্যুর মরুভূমি' থেকে আরও ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। নিমরোজের তথ্য ও সংস্কৃতি পরিচালক হাবিবুল্লাহ এলহাম জানান, এই শুষ্ক অঞ্চলটি পার হওয়ার সময় কাছে থাকা পানি ফুরিয়ে যাওয়ায় অতিরিক্ত গরম এবং পানিশূন্যতায় তারা মারা যান।

 

কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে ৫ জনের মৃতদেহ উদ্ধারের পর নিখোঁজ বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়। পরবর্তীতে আরও ১৪ জনের লাশ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ ১৯ জন অভিবাসীরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাদেশিক মুখপাত্র আবদুল মুতাওয়াকিল তৌহিদি জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রশাসন দুর্গম ওই মরুভূমি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে নিয়ে এসেছে।

 

স্থানীয় সূত্র ও আফগান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত এই ১৯ জনের বাড়ি উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের একই গ্রামে। কাজের খোঁজ ও উন্নত অর্থনৈতিক সুবিধার আশায় তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু পথিমধ্যে ইরান সীমান্তের কাছে দুর্গম মরুভূমিতে আটকা পড়ে তারা এই করুণ পরিণতির শিকার হন।

 

ইরান ও পাকিস্তান সীমান্তবর্তী নিমরোজ প্রদেশটি আফগানিস্তান ছাড়তে চাওয়া অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়। বিস্তীর্ণ বালিয়াড়ি ও চরম বৈরী আবহাওয়ার এই অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায়শই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। মানবিক সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে, গ্রীষ্মকালে পায়ে হেঁটে এই অঞ্চল পার হওয়া অত্যন্ত বিপজ্জনক এবং এতে পানিশূন্যতা ও ক্লান্তিতে মৃত্যুর চরম ঝুঁকি রয়েছে।

 

সূত্র:  গালফ নিউজ

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন