যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত দুপক্ষের সরাসরি বৈঠকের পর পরিস্থিতিকে ইতিবাচক ও স্বস্তিদায়ক বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একইসঙ্গে তিনি দুই দেশের মধ্যে নতুন করে আরেক দফা সংলাপের ব্যাপারে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন।
পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম দ্য ডন ও জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, তার বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি জানান, শনিবারের (১১ এপ্রিল) ওই আলোচনা শেষে যে পরিবেশ তৈরি হয়েছে, তা অত্যন্ত ভালো এবং স্বস্তিদায়ক। কোনো ধরনের আগাম অনুমান করতে না চাইলেও তিনি জোর দিয়ে বলেন, এখন পর্যন্ত আলোচনার পর কোনো নেতিবাচক বিষয় সামনে আসেনি। সবদিক থেকেই ইতিবাচক বক্তব্য পাওয়া যাচ্ছে। পরবর্তী বৈঠক থেকে কোনো বাস্তব ফলাফল আসতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী অত্যন্ত আশাবাদী সুরে জানান, আগামী বৈঠকটি বেশ ফলপ্রসূ হতে পারে।
উল্লেখ্য, গত শনিবার মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাত কমানোর একটি যুগান্তকারী প্রচেষ্টা হিসেবে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়। যদিও প্রথম দফার এ আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা বা সিদ্ধান্ত আসেনি, তবুও বৈরী দুই দেশের মধ্যে সংলাপ চালু থাকাকে একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান এই ইতিবাচক আবহে যদি নতুন করে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়, তবে তা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত প্রশমনে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তথ্যসূত্র: ডন
ডিবিসি/এএমটি