ওমানের রাজধানী মাসকটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ‘পরোক্ষ আলোচনা’ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই আলোচনাকে ‘ইতিবাচক’ হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনায় পারমাণবিক সমঝোতা ও দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলার বিষয়ে অগ্রগতি হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ বৈঠকে ইরানের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। সরাসরি বৈঠক না হলেও ওমানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে বার্তা বিনিময় হয়।
আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আব্বাস আরাগচি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা যদি এই ইতিবাচক পথে এগিয়ে যেতে পারি, তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হবে।
মাসকটে একাধিক ধাপে এই পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেন আরাগচি। তিনি আরও বলেন, আলোচনা অত্যন্ত চমৎকার পরিবেশে শেষ হয়েছে। আমাদের উদ্বেগ, জাতীয় স্বার্থ এবং ইরানি জনগণের অধিকারের বিষয়গুলো আমরা স্পষ্টভাবে তুলে ধরেছি। একই সঙ্গে অন্য পক্ষের মতামতও গুরুত্বের সঙ্গে শোনা হয়েছে।
আলোচনার দরজা এখনই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, মাসকটের আলোচনা ছিল ভিত্তিপ্রস্তর স্থাপনের মতো। বিস্তারিত বিষয়গুলো নিয়ে এখন দুই দেশের রাজধানীতে (তেহরান ও ওয়াশিংটন) অভ্যন্তরীণ আলোচনা হবে এবং সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি