ইরান যুদ্ধের প্রলেপে বিশ্বজুড়ে কালির সরবরাহ সংকট দেখা দেওয়ায় জাপানের জনপ্রিয় স্ন্যাকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ক্যালবি ইনকর্পোরেটেড’ তাদের কিছু পণ্যের প্যাকেজিং সাদা-কালো করার সিদ্ধান্ত নিয়েছে। টোকিওভিত্তিক এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের জনপ্রিয় পটেটো চিপস ও সিরিয়ালের মোড়ক পরিবর্তন করা হলেও ভেতরে থাকা পণ্যের গুণগত মান অপরিবর্তিত থাকবে।
ক্যালবির এসব পণ্য জাপানের কনভেনিয়েন্স স্টোরগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ায় রপ্তানি করা হয়।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, পণ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ২৫ মে থেকে তাদের মোট ১৪টি পণ্যের লাইনে এই পরিবর্তন কার্যকর হবে, যেখানে প্যাকেজিংয়ে রঙের ব্যবহার কমিয়ে মাত্র দুটিতে সীমাবদ্ধ রাখা হবে। পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতেই এমন সিদ্ধান্ত প্রয়োজন ছিল বলে জানিয়েছে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি।
ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যবস্থায় ভয়াবহ সংকট তৈরি হয়েছে, যার সর্বশেষ প্রভাব পড়ল জাপানি এই স্ন্যাকস প্রতিষ্ঠানের ওপর। তবে প্যাকেজিংয়ে এই সাদা-কালো আমেজ কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি ৫ হাজারেরও বেশি কর্মী নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এফএইচআর