আন্তর্জাতিক, আমেরিকা

ইরান যুদ্ধের কারণে নিজের ছেলের বিয়েতে থাকাই অনিশ্চিত ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান যুদ্ধ ও অন্যান্য রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

পেজ সিক্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার বাহামায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং বেটিনা অ্যান্ডারসনের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিয়েতে উপস্থিত থাকবেন কি না, এনবিসি নিউজের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সময়টা তার জন্য অনুকূল নয়।

 

তিনি বলেন, ‘সে (ট্রাম্প জুনিয়র) চায় আমি সেখানে থাকি। এটি খুব ছোট ও ঘরোয়া পরিসরের একটি আয়োজন হতে যাচ্ছে, আর আমি যাওয়ার চেষ্টাও করব। কিন্তু আমি আগেই বলেছি, সময়টা আমার জন্য ভালো নয়। আমার ঘাড়ে ইরান ইস্যুসহ আরও অনেক বিষয় রয়েছে। এ এমন এক পরিস্থিতি যেখানে আমার জেতার কোনো সুযোগ নেই।’

 

সংবাদমাধ্যমের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ‘আমি বিয়েতে উপস্থিত হলে আমাকে নিয়ে সমালোচনা হবে, আর না গেলেও আমাকে নিয়ে সমালোচনা হবে, অবশ্যই ভুয়া সংবাদমাধ্যমগুলো এমনটাই করবে।’ তবে নবদম্পতিকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, বেটিনাকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন এবং তাদের দাম্পত্য জীবন দারুণ হবে বলে তিনি আশাবাদী।

 

ট্রাম্পের এই মন্তব্যের পর হোয়াইট হাউসের প্রকাশিত সাপ্তাহিক সূচিতে দেখা যায়, শনিবার তিনি নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থান করবেন। এ বিষয়ে ট্রাম্প জুনিয়রের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

 

উল্লেখ্য, গত ডিসেম্বরে হোয়াইট হাউসের এক হলিডে পার্টিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে বেটিনার সঙ্গে বাগদানের ঘোষণা দেন ট্রাম্প জুনিয়র। সে সময় এই সম্পর্ককে নিজের জীবনের একটি ‘বড় জয়’ বলে উল্লেখ করেছিলেন তিনি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন