আন্তর্জাতিক, আমেরিকা

ইরান যুদ্ধের সমালোচনার জেরে জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র জার্মানি থেকে প্রায় ৫,০০০ সেনা প্রত্যাহার করতে যাচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন। শুক্রবার এ তথ্য জানানো হয়।  আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

তবে সেনা প্রত্যাহারের পরও দেশটিতে ৩০ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন থাকবে। ইউএস ডিফেন্স ম্যানপাওয়ার ডেটা সেন্টারের (ডিএমডিসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত জার্মানিতে স্থায়ীভাবে ৩৬,৪৩৬ জন সক্রিয় মার্কিন সামরিক সদস্য অবস্থান করছিলেন।

 

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেছেন, সেক্রেটারি অব ওয়ার (যুদ্ধ বিষয়ক মন্ত্রী) জার্মানি থেকে প্রায় ৫,০০০ সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

 

তিনি আরও জানান, ইউরোপে মার্কিন বাহিনীর অবস্থান নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মূলত সেখানকার প্রয়োজনীয়তা ও মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া। আমরা আশা করছি আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে জানিয়েছিলেন, জার্মানির চ্যান্সেলর মার্কিন-ইরান যুদ্ধের সমালোচনা করার পর যুক্তরাষ্ট্র জার্মানি থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে।

 

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এর আগে মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে "অপমানিত" হচ্ছে। পাশাপাশি যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রশাসনের কোনো কার্যকর কৌশল না থাকারও কড়া সমালোচনা করেন তিনি।

 

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০২০ সালেও জার্মানিতে মার্কিন সেনাসংখ্যা কমানোর হুমকি দিয়েছিলেন, সেসময় আঙ্গেলা ম্যার্কেল জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন