ইরান যুদ্ধে নিহত সপ্তম মার্কিন সেনার পরিচয় শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। নিহত সেনা সদস্যের নাম বেঞ্জামিন পেনিংটন (২৬)। তিনি সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
কেনটাকির গ্লেনডেলের বাসিন্দা পেনিংটন এক সপ্তাহ আগে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে দায়িত্ব পালনকালে গুরুতর আহত হন এবং গতকাল রবিবার (৮ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সেনাবাহিনীর স্পেস অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের অধীনস্থ ১ম ব্যাটালিয়ন, ১ম স্পেস ব্রিগেডে নিযুক্ত ছিলেন।
পেনিংটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছনে ব্রিগেডের কমান্ডার কর্নেল মাইকেল ডায়ার। সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে তিনি নিহত পেনিংটনকে একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ এবং অভিজ্ঞ নন-কমিশনড অফিসার হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, পেনিংটন তার পেশাদারিত্ব, অদম্য শক্তি এবং গভীর কর্তব্যবোধের মাধ্যমে নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়ে ডায়ার আরও বলেন, জাতির জন্য তার এই চূড়ান্ত ত্যাগ এবং উত্তরাধিকার সবসময় সম্মানের সাথে স্মরণ করা হবে।
সেনাবাহিনীর নথিপত্র অনুযায়ী, বেঞ্জামিন পেনিংটন ২০১৭ সালে একজন ইউনিট সরবরাহ বিশেষজ্ঞ হিসেবে সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ আট বছরের কর্মজীবনে তিনি তিনটি আর্মি কমেন্ডেশন মেডেল, একটি আর্মি অ্যাচিভমেন্ট মেডেল এবং দুটি আর্মি গুড কন্ডাক্ট মেডেলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেন। তার বীরত্বপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী তাকে মরণোত্তর ‘স্টাফ সার্জেন্ট’ পদে উন্নীত করার ঘোষণা দিয়েছে।
এদিকে, যুদ্ধে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা দীর্ঘ হচ্ছে। একজন মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্যমতে, রবিবার পর্যন্ত পেনিংটন ছাড়াও আরও অন্তত নয়জন সেনা সদস্য গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহতদের শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাদের প্রাণহানির উচ্চ ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
ডিবিসি/এএমটি