ইরান যুদ্ধের ব্যয় ও কৌশল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার। তাঁর অভিযোগ, সুস্পষ্ট কৌশল, লক্ষ্য অর্জনের পরিকল্পনা কিংবা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ ছাড়াই ট্রাম্প প্রশাসন একটি ব্যয়বহুল ‘পছন্দের যুদ্ধ’ শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়ার্নার বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ১০ হাজার কোটি ডলার খরচ হয়েছে। প্রতি দুই মিনিটে এই ব্যয়ের সঙ্গে আরও ১০ লাখ ডলার করে যোগ হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ওয়ার্নার বলেন, যুদ্ধের ঘোষিত লক্ষ্য অর্জনে কোনো অগ্রগতি না হলে এর আর্থিক ব্যয় ক্রমেই বাড়তে থাকবে। তিনি বলেন, তাঁর ভিডিও ধারণের এক ঘণ্টা পর দেখলে যুদ্ধের ব্যয়ের সঙ্গে আরও প্রায় ৩ কোটি ডলার যোগ হবে। কিন্তু এত ব্যয়ের পরও ট্রাম্প যে লক্ষ্যগুলোর কথা বলে যুদ্ধ শুরু করেছেন, সেগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোথায় পৌঁছেছে-এমন প্রশ্ন তোলেন তিনি।
মার্কিন সিনেটর বলেন, পর্যাপ্ত প্রস্তুতি ও সুস্পষ্ট কৌশল ছাড়া কোনো যুদ্ধে জড়ালে এমন পরিস্থিতিই তৈরি হয়। তাঁর ভাষায়, এটি এমন একটি যুদ্ধ, যেখানে কোনো পরিকল্পনা নেই, কৌশল নেই, মিত্র নেই এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসারও কোনো পথ নেই।
ভিডিও বার্তার শেষে ওয়ার্নার মার্কিন নাগরিকদের ট্রাম্প প্রশাসনের এই নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দাঁড়ান, কথা বলুন, প্রতিরোধ করুন।’
সূত্র: রোয়া নিউজ
ডিবিসি/এসএফএল