সিনেটর ক্রিস মারফি বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের "কোনো সুনির্দিষ্ট কৌশল নেই" এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে "মারাত্মক ও লজ্জাজনকভাবে পরাজিত হচ্ছে"।
সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির অন্যতম শীর্ষ সদস্য মারফি। তিনি যুক্তরাষ্ট্রের ওই ক্রমবর্ধমান সংখ্যক আইনপ্রণেতাদের মধ্যে একজন, যারা ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছেন। উল্লেখ্য, এই সামরিক অভিযান ইতিমধ্যে দ্বিতীয় মাসে পদার্পণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে মারফি যুক্তরাষ্ট্রের বর্তমান পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন: "সুনির্দিষ্ট লক্ষ্যের (Strategy) অভাবে খণ্ডকালীন কৌশল (Tactics) কোনো কাজে আসে না। ঠিক এ কারণেই হাজার হাজার উত্তর ভিয়েতনামী বা তালেবানকে হত্যার 'কৌশল' আমাদের শত্রুকে সাহায্য করা ছাড়া আর কোনো কাজেই আসেনি। এসব কৌশল কোনো বৃহত্তর লক্ষ্য পূরণে সহায়ক ছিল না।"
তিনি আরও যোগ করেন, "ইরানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আমাদের কৌশলগুলো ব্যর্থ হচ্ছে এবং ঠিক সে কারণেই ইরান সফল হচ্ছে।"
সিনেটর মারফি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের অনেক বিমান ও নৌ সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হলেও, তাদের সব ড্রোন এবং আত্মঘাতী নৌযান (সুইসাইড বোট) ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। যার ফলে এখনও হামলা অব্যাহত রয়েছে। সবশেষে মারফি সতর্ক করে দিয়ে বলেন, এই যুদ্ধ পরিস্থিতির কোনো সমাধান তো আনবেই না, উল্টো এটি কেবল "চীন-ইরানের একটি আরও শক্তিশালী জোট" তৈরি করবে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি