যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক স্পষ্ট ঘোষণায় জানিয়েছেন, তার দেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সরাসরি অংশগ্রহণ করবে না। এই মন্তব্যটিতে মূলত ইরান যুদ্ধ থেকে ব্রিটেনকে দূরে রাখার যে নীতি, তারই প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে।
তিনি স্পষ্টভাবে জানান, এটি তাদের যুদ্ধ নয় এবং তারা এতে কোনোভাবেই জড়িয়ে পড়বেন না। বর্তমানে যুক্তরাজ্য শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপই গ্রহণ করছে, যার প্রধান উদ্দেশ্য হলো ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিক, নিজেদের স্বার্থ এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি, হরমুজ প্রণালি পুনরায় চালু করার উদ্যোগে যুক্তরাজ্য ভূমিকা রাখবে বলেও স্টারমার উল্লেখ করেন।
তবে সরাসরি যুদ্ধে না জড়ালেও, যুক্তরাজ্য ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে, যেখান থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর হামলা পরিচালিত হচ্ছে। এছাড়া, ইরানের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ব্রিটেন যুদ্ধবিমানও মোতায়েন করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকলেও তারা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা প্রদান করে যাচ্ছে। আর এই পদক্ষেপের মাধ্যমেই এই সংঘাতে পশ্চিমা জোটের কৌশলগত অবস্থানটি আরও একবার জোরালোভাবে ফুটে উঠেছে।
ডিবিসি/এফএইচআর