আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

ইরান যুদ্ধ ইচ্ছাকৃত বলে মনে করেন দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি যতটা না অপরিহার্য ছিল, তার চেয়েও বেশি এটি একটি ‘ইচ্ছাকৃত’ যুদ্ধ। সম্প্রতি সিবিএস নিউজ ও ইউগভ-এর পরিচালিত এক নতুন জনমত জরিপে মার্কিনীদের এমন মনোভাব উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, মার্কিন নাগরিকদের একটি বড় অংশ এই সংঘাতের বিরোধিতা করার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিচালনার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।

গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত অনলাইনে পরিচালিত জরিপে মোট ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক তাদের মতামত প্রদান করেন। জরিপের ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারী ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সরাসরি বিরোধিতা করছেন, যা চলতি মাসের শুরুতে ছিল ৫৬ শতাংশ। শুধু তাই নয়, প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন যে, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য মার্কিন জনগণের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি ৫৭ শতাংশ উত্তরদাতা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এই যুদ্ধ আমেরিকার জন্য নেতিবাচক পরিণতির দিকে এগোচ্ছে।

 

জরিপের তথ্যমতে, সার্বিকভাবে ৬৬ শতাংশ মানুষ এ যুদ্ধকে একটি ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ বলে অভিহিত করেছেন এবং মাত্র ৩৪ শতাংশ একে ‘প্রয়োজনীয় যুদ্ধ’ বলে মনে করেন। যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে মার্কিন রাজনীতির দলীয় বিভাজনও বেশ স্পষ্ট। জরিপে দেখা যায়, ৯২ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭৩ শতাংশ স্বতন্ত্র ভোটার সংঘাতটিকে ইচ্ছাকৃত বলে মনে করলেও, ৬৭ শতাংশ রিপাবলিকান ভোটার এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় বলে সমর্থন দিয়েছেন।

 

তবে যুদ্ধের যৌক্তিকতা ও দলীয় অবস্থান নিয়ে মতভেদ থাকলেও একটি বিষয়ে প্রায় ৯২ শতাংশ অংশগ্রহণকারীই একমত পোষণ করেছেন, আর তা হলো—এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা জরুরি। যুদ্ধ অবসানের পাশাপাশি মার্কিন নাগরিকদের কাছে আরও কিছু বিষয় অগ্রাধিকার পাচ্ছে। জরিপে ৮০ শতাংশ নাগরিক ইরানের সাধারণ জনগণের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেছেন। এছাড়া ৭৩ শতাংশ মানুষ ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ৬৮ শতাংশ মানুষ অন্য দেশের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার ওপর জোর দিয়েছেন।

 

যুদ্ধ শেষে ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবশ্য মার্কিন জনমত বেশ বিভক্ত। জরিপে অংশগ্রহণকারীদের ৪৯ শতাংশ মানুষ ইরানে নতুন বা মার্কিনপন্থী নেতৃত্বের পক্ষে মত দিলেও, ৫১ শতাংশ মানুষ এর কোনো প্রয়োজনীয়তা দেখছেন না। অন্যদিকে, ইরানে বর্তমান শাসনক্ষমতা বহাল থাকা অবস্থায় যুদ্ধ শেষ করাটা গ্রহণযোগ্য কি না- এমন প্রশ্নের জবাবে ৪৭ শতাংশ ইতিবাচক মনোভাব দেখালেও ৫৩ শতাংশ মানুষ নেতিবাচক মত প্রকাশ করেছেন।

 

তথ্যসূত্র: সিএনএন

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন