আন্তর্জাতিক, আমেরিকা

ইরান যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য একটি 'অফ-র‍্যাম্প' বা সম্মানজনক পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সামরিক কর্মকর্তা। ট্রাম্পের উদ্দেশ্য বাস্তবায়নে সম্ভাব্য সামরিক কৌশলগুলো উল্টো ক্ষতিকর হতে পারে এবং কেবল বিমান হামলা চালিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মনে করছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবহিত তিনটি গোপন সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কয়েক সপ্তাহ ধরে মার্কিন যৌথ বাহিনীর প্রধান (চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ) জেনারেল ড্যান কেইন ট্রাম্পের অন্যান্য শীর্ষ উপদেষ্টাদের কাছে তাঁর এই উদ্বেগের কথা জানিয়েছেন। সামরিক কৌশলগুলোর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করার পাশাপাশি তিনি ইরানের বিরুদ্ধে সংঘাত কমানোর উপায় খুঁজছেন। তিনি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্পের মন্ত্রিসভার প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

 

ট্রাম্প সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বজায় রাখার স্বার্থেই কেইন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা জোরদার করেছেন, যাতে রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগেই সামরিক সীমাবদ্ধতা ও সম্ভাব্য ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরা যায়। মার্কিন সেনাবাহিনীকে কোনো অপ্রয়োজনীয় ঝুঁকিতে না ফেলার লক্ষ্যেই জেনারেল কেইন এই উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।

 

প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ইরানে স্থলসেনা মোতায়েনের বিরুদ্ধে। তাঁর ধারণা ছিল টানা বিমান হামলার মাধ্যমেই ইরানকে তাঁর শর্তে চুক্তি করতে বাধ্য করা সম্ভব। তবে কেইন সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা এই কৌশলকে অবাস্তব মনে করছেন এবং প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সীমার মধ্যেই বিকল্প উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।

 

ইরানের বিরুদ্ধে প্রায় ছয় মাস ধরে চলা এই অভিযানের শুরুতে তেহরানের সামরিক ক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়েছিল। ওই সময় পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখাকেই অভিযানের প্রধান লক্ষ্য বলা হয়েছিল। তবে যুদ্ধের এই পর্যায়ে এসে ট্রাম্পের সবচেয়ে জ্যেষ্ঠ জেনারেলের পক্ষ থেকে 'সহজ কোনো সামরিক সমাধান নেই' বলে অবস্থান নেওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এ বিষয়ে কেইনের মুখপাত্র জোসেফ হোলস্টেড জানান, ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী বা অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে চেয়ারম্যানের গোপনীয় আলোচনার বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেন না। এছাড়া সূত্রভিত্তিক কোনো বেনামী খবরের ওপর মন্তব্য করা থেকেও বিরত থাকেন।

 

অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জেনারেল কেইনের ভূমিকার প্রশংসা করে জানিয়েছেন, কেইন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি সর্বদা বস্তুনিষ্ঠ তথ্য ও সম্ভাব্য বিকল্পগুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গ্রহণ করেন।

 

সূত্র: সিএনএন 

আরও পড়ুন