ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক অভিযান সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গতকাল বুধবার (৪ মার্চ) মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হওয়ার কথা বললেও প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্যে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আভাস মিলেছে।
সংবাদ সম্মেলনে যুদ্ধের স্থায়িত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিট হেগসেথ বলেন, আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে; তবে এটি ছয় সপ্তাহ, আট সপ্তাহ বা এমনকি তিন সপ্তাহ ধরেও চলতে পারে। রণাঙ্গনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, এই যুদ্ধে নিজেদের গতি কেমন হবে তা মার্কিন বাহিনী এরই মধ্যে নির্ধারণ করেছে এবং এখন পর্যন্ত সেই পরিকল্পনা অনুযায়ীই সবকিছু চলছে। বর্তমানে শত্রুপক্ষ ভারসাম্যহীন অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদেরকে এই অবস্থাতেই রাখবে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই সেই আলোচনা ব্যর্থ হয়। এর ঠিক পরের দিন, ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে মার্কিন বাহিনী।
ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে একই সময়ে ইসরায়েলও ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে তাদের নিজস্ব সামরিক অভিযান শুরু করে। চলমান এই যুদ্ধের তৃতীয় দিন ২ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, ইরানের যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হবে। তবে পেন্টাগনের সাম্প্রতিক এ ব্রিফিং যুদ্ধের মেয়াদ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
ডিবিসি/এএমটি