ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে কেবল আত্মরক্ষার জন্যই কাজ করছে। একইসঙ্গে তিনি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তার দেশের অঙ্গীকারের বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে- এমন অভিযোগ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবাধিকারের ক্ষেত্রে এটি তাদের দ্বিমুখী নীতির প্রমাণ।
ইরানের সংবাদ সংস্থা ইসনার প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান বলেছেন, আমরা কোনো দেশে হামলা চালাইনি এবং বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষের ওপর হামলা চালানোর উদ্দেশ্যও আমাদের নেই। আমরা কেবল বৈধভাবে নিজেদের রক্ষা করছি।
তিনি আরও বলেন, এমনটা মনে করা উচিত নয় যে ইরান যুদ্ধ চাইছে। বরং আমরা শান্তিকামী জাতি এবং আমরা যা করছি তা সম্পূর্ণ বৈধ আত্মরক্ষা। প্রতিটি মানুষ যেমন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, ঠিক তেমনি একটি জাতিও হামলার বিরুদ্ধে নিজেকে রক্ষা করে থাকে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি