রাজনীতি

ইলিয়াস আলীর হত্যাকাণ্ড আনপানিশড যাবে না: স্পিকার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ ও ‘হত্যাকাণ্ডের’ বিষয়ে ব্যবস্থা নিতে তাঁর স্ত্রী বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দেওয়ার অনুরোধ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারের বক্তব্যের জবাবে স্পিকার বলেন, ইলিয়াস আলীর হত্যাকাণ্ড ‘আনপানিশড’ বা বিচারহীন যাবে না। এ বিষয়ে সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানান, ২০১২ সালে ইলিয়াস আলীকে বনানী থেকে তুলে নিয়ে র‍্যাব-১ সদর দপ্তরে রাখা হয় এবং পরবর্তী সময়ে হত্যা করে লাশ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। দুলু এই ঘটনাকে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করে বলেন, শেখ হাসিনার নির্দেশেই এই গুম ও হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ইলিয়াস আলীর স্ত্রী ও সন্তানরা যখন তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তখন তিনি তাঁদেরকে আশ্বস্ত করেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে এর পেছনে তাঁরই ভূমিকা ছিল।

 

বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইলিয়াস আলী এ দেশের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের ঘটনার বিচার শুরু করেছে। তিনি ইলিয়াস আলীর স্ত্রীকে পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক নোটিশ প্রদান করতে যাতে সংসদীয় ও আইনি প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন