শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চলমান নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে নানা অনিয়ম ও বর্তমান পরিস্থিতি প্রতিকূলে থাকায় তাদের প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে আজ বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ভোটারদের জন্য মোট ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটারদের লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে এবং বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। এর মধ্যেই জামায়াত প্রার্থীর এই বর্জনের ঘোষণা এলাকায় নতুন আলোচনার সৃষ্টি করেছে।
ডিবিসি/টিবিএ