ইসরায়েলের উত্তরাঞ্চল এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক বসতিগুলোতে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যথায় যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারবে না বলে সতর্ক করেছে দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।
এক বিবৃতিতে সদর দপ্তরটি জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের বৈরুত ও দাহিয়েহ অঞ্চলে বিমান হামলার হুমকি এবং স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে ওই অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এই পরিস্থিতিতে তারা যদি লেবাননে কোনো ধরনের হামলার হুমকি বাস্তবায়ন করে, তবে ইরান ও তার মিত্রদের পক্ষ থেকে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আর সে কারণেই যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিণতি এড়াতে ইসরায়েলের উত্তরাঞ্চল ও সামরিক বসতির বাসিন্দাদের অবিলম্বে এলাকা খালি করার আহ্বান জানানো হয়েছে।
ইরানি সামরিক সদর দপ্তর সতর্ক করে বলেছে যে, ইসরায়েলের এই ধরনের ক্রমাগত উসকানি ও সামরিক হুমকি পুরো অঞ্চলের নিরাপত্তা ও সামরিক পরিস্থিতির ওপর ব্যাপক ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: মেহর নিউজ
ডিবিসি/এসএফএল