লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন ইসরায়েলি বাহিনীর ওপর সাঁড়াশি চাপ সৃষ্টি করেছে এবং দখলদারদের চারপাশ থেকে কোণঠাসা করে ফেলছে। মঙ্গলবার (১২ মে) প্রতিরোধ বাহিনীর কমান্ডার ও যোদ্ধাদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
শেখ নাঈম কাসেম ইসরায়েলি সামরিক অবস্থানের ওপর হিজবুল্লাহর সাম্প্রতিক ড্রোন অভিযানের প্রশংসা করে বলেন, আমাদের ড্রোনগুলো শত্রুর প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্বের দাম্ভিক শক্তিগুলো এখন এসব ড্রোনকে ভয় পেতে শুরু করেছে। আমাদের ক্ষেপণাস্ত্র শত্রুর স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে দিয়েছে এবং তাদের চরম উৎকণ্ঠার মধ্যে ফেলেছে।
ভাষণে হিজবুল্লাহ প্রধান স্পষ্ট করে দেন, সংগঠনের অস্ত্র সমর্পণের কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, অস্ত্রের বিষয়টি লেবাননের অভ্যন্তরীণ ইস্যু এবং এটি কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না। হিজবুল্লাহ কারও কাছে মাথা নত করবে না এবং লেবানন ও তার জনগণকে রক্ষায় লড়াই চালিয়ে যাবে।
তিনি আরও যোগ করেন, লড়াই যত দীর্ঘই হোক বা ক্ষয়ক্ষতির পরিমাণ যাই হোক না কেন, আত্মসমর্পণের চেয়ে যুদ্ধের মূল্য অনেক কম।
পশ্চিমা গণমাধ্যমগুলো হিজবুল্লাহর শক্তি হ্রাসের দাবি করলেও শেখ কাসেম দাবি করেন, হিজবুল্লাহ বর্তমানে একটি অজেয় সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি জানান, বাহিনী বিন্যাস, কমান্ড কাঠামো, লক্ষ্যবস্তু নির্ধারণ, আঞ্চলিক নিয়ন্ত্রণ এবং নেতৃত্বের ক্ষেত্রে পাঁচটি মৌলিক কৌশলগত পরিবর্তন আনা হয়েছে, যা সংগঠনটিকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও স্থিতিশীল করেছে।
শেখ নাঈম কাসেম লেবাননের ওপর চলমান হামলাকে মার্কিন-ইসরায়েলি যৌথ আগ্রাসন হিসেবে অভিহিত করেন। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন ও তেল আবিব গ্রেটার ইসরায়েল বা বিশাল ইসরায়েল রাষ্ট্র গঠনের পরিকল্পনার অংশ হিসেবে লেবাননকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়।
তিনি বলেন, অল্প সংখ্যক যোদ্ধা এবং সীমিত সরঞ্জাম নিয়ে হিজবুল্লাহ আজ এক বিশাল শক্তির মোকাবিলা করছে, যাদের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক ও আর্থিক সমর্থন। তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।
বর্তমান সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিকে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন শেখ কাসেম। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হতে পারে।
উল্লেখ্য, আগামী ১৪ ও ১৫ মে ওয়াশিংটনে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। শেখ কাসেম এই আলোচনায় লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
সূত্র: প্রেস টিভি
ডিবিসি/এসএফএল